মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে মার্কিন রণতরি ও বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা

মার্কিন রণতরি ও বাণিজ্যিক জাহাজ

তেহরান, ৬ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমতিবিহীন রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রম করা তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

শনিবার ইরানের দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরের পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায়। এর কয়েক ঘণ্টা পরেই পাল্টা হামলার দাবি করে আইআরজিসি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে তারা তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী এসব হামলায় কোনো মার্কিন সেনা আহত হননি। তবে তিনটি ইরানি জাহাজের মধ্যে এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১ স্থায়ীভাবে অচল হয়ে গেছে এবং খালি থাকা এম/টি কাইলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

এর জবাবে আইআরজিসি জানায় হরমুজ প্রণালিতে নিয়মবহির্ভূত পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে তারা হামলা চালিয়েছে। এছাড়া অন্য এলাকায় যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজেও হামলার দাবি করেছে তারা। পরবর্তী এক বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে যে ইরানি জাহাজকে হয়রানি করা এবং তাদের ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর করার অভিযোগে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইরানের এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শনিবার রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায় যে উত্তর আরব উপসাগর ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

সংস্থাটি জানিয়েছে যে এই হামলাগুলো জাহাজকে সম্পূর্ণ অচল করে দেওয়ার মতো শক্তিশালী ছিল। তবে হামলায় হতাহত বা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button