ফুটবল

আন্তর্জাতিক মাদক চক্রের তদন্তে সার্জিও আগুয়েরোর নাম

সার্জিও আগুয়েরো

বুয়েনস আইরেস, ৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারে অভিযুক্ত একটি চক্রের বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতের তদন্তে উঠে এসেছে সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোর নাম। তদন্তের নথিপত্র অনুযায়ী, একটি বাণিজ্যিক প্রকল্পে আগুয়েরোর বিশ্বব্যাপী পরিচিতি ও ভাবমূর্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল সন্দেহভাজন অপরাধী চক্রটি।

বিচারক পাবলো ইয়াদারোলার অধীনে পরিচালিত এই তদন্তে আগুয়েরোকে সরাসরি কোনো আসামি বা অভিযুক্ত করা হয়নি। তবে একটি টিকিট প্ল্যাটফর্ম প্রকল্পে আন্তর্জাতিক এই অপরাধী চক্রটি সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের নাম জড়ানোর চেষ্টা করছিল বলে আদালতের আইনি পর্যালোচনায় উঠে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন থেকে পাওয়া বিভিন্ন বার্তা ও নথিপত্র থেকে জানা যায়, আগুয়েরোর প্রতিষ্ঠিত ই স্পোর্টস ক্লাবের সঙ্গে সম্পর্কিত ক্রু টিকিটস ব্র্যান্ড চালুর বিষয়ে আলোচনা চলছিল। তদন্তকারীদের ধারণা, আগুয়েরোর সুনামকে পুঁজি করে বড় ধরনের বাণিজ্যিক ফায়দা হাসিল করাই ছিল ওই চক্রের মূল উদ্দেশ্য।

এই চক্রটি বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ এই মামলায় পিবট আলভারেজসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মামলার নথিতে দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি, বোনো ওজি দে কারলুচি এবং রাউল ওমার ব্রুহো মানজোনির মতো ব্যক্তিদের নাম রয়েছে।

তাদের কার্যক্রমের বড় একটি অংশ পরিচালিত হতো আভেলিয়ানেদা শহরের ইন্ডিপেনদিয়েন্তে স্টেডিয়ামের নিকটবর্তী একটি আস্তানা থেকে। নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসের একটি বার্তায় আনজালনি এই প্রজেক্টের বিষয়ে আগুয়েরোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করছিলেন।

এমনকি তিনি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১০ হাজার ইউরো সংগ্রহেরও চেষ্টা চালান। তবে পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকলেও আদালতের নথিতে আগুয়েরোর বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের প্রমাণ মেলেনি।

এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button