জাতীয়

জানুয়ারিতে বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩ সেপ্টেম্বর – আগামী বছরের জানুয়ারি মাসে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই তারিখগুলো নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সচিবালয়ে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থি অনুসারীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, বিগত বছর নির্বাচনের কারণে বিশ্ব ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি। আজ মাওলানা সাদপন্থি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে এবং এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও কথা বলা হয়েছে।

সরকার সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ইজতেমাকে কেন্দ্র করে অতীতে সংঘাত ও হতাহতের ঘটনা ঘটেছে, তাই এবার সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।

দুই পক্ষের ভিন্ন ভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, জুবায়েরপন্থিরা দুই পর্বেই ইজতেমা করতে আগ্রহী। অন্যদিকে, সাদপন্থিরা রমজানের আগে সুবিধাজনক সময়ে অথবা নভেম্বরের শেষে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়ে মন্ত্রী বলেন, এটি ধর্মীয় নিয়ম ও ভিসা নীতির ওপর নির্ভর করবে।

ধর্ম মন্ত্রণালয় এই বিষয়টি তদারকি করবে এবং প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button