শিক্ষা

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু আজ

 

একাদশ শ্রেণি

ঢাকা, ২ সেপ্টেম্বর – চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বুধবার থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এবারের প্রাথমিক আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে এবং অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

যারা পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন এবং যাদের ফলাফল পরিবর্তন হবে, তারা আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদনের সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।

এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট আবেদন ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এরপর ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button