গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০ আগস্ট – জাতীয় সংসদ ভবনে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি জাতীয় সংসদে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে এই বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সভায় কমিটির সদস্য নূরুল ইসলাম এবং আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ প্রসঙ্গে কমিটির সভাপতি মন্তব্য করেন যে, কোনো বিষয়ে ভিন্নমত বা সংশোধনী থাকলে তা সভায় উপস্থাপন ও আলোচনা করাই সংসদীয় নিয়ম।
সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে জানানো হয় যে, বিগত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। এছাড়া কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি এবং মব সৃষ্টির চেষ্টা চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলে সভায় তথ্য জানানো হয়। বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনা নিয়ে সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করার বিষয়েও আলোচনা হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ৩০ আগস্ট ২০২৬









