আইনশৃঙ্খলা রক্ষায় উগ্রতা ও জবরদখল বরদাশত করা হবে না: নুরুল হক নুর

ঢাকা, ৩০ আগস্ট – প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কোনো ধরনের উগ্রতা এবং উচ্ছৃঙ্খলতাকে বর্তমান প্রশাসন প্রশ্রয় দেবে না। পটুয়াখালীর দশমিনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রতিমন্ত্রী বলেন, দলিল যার হবে, জমির মালিকানাও তার হবে। অতীতে দেখা গেছে যাদের প্রভাব আছে তারা ক্ষমতার জোরে অন্যের জমি দখল করে ভোগ করছে। একজনের এক একর জমি থাকলেও তিনি পাশের দেড় একর জমি জবরদখল করে রাখছেন। এ ধরনের অনিয়ম আর চলতে দেওয়া হবে না।
শনিবার রাতে দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানান, তার সাথে ব্যক্তিগত সখ্য বা ছবি থাকা অপরাধ থেকে বাঁচার ঢাল হতে পারে না।
এলাকায় গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৩০ আগস্ট ২০২৬









