ইউরোপ

কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ৩৭, তদন্তের নির্দেশ জেলেনস্কির

কিয়েভ, ২৯ আগস্ট – ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কিয়েভের পশ্চিমাঞ্চলীয় বুচা জেলার মিলা এলাকায় অবস্থিত ওই গুদামটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী মজুত ছিল।

হামলার ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত পার্শ্ববর্তী আবাসিক এলাকা ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৪২ জন এবং ঘটনাস্থল থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবাসিক এলাকার কাছে এত বড় গোলাবারুদের গুদাম থাকা কোনোভাবেই উচিত হয়নি। তিনি এই ঘটনায় যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যে ইউক্রেনীয় প্রসিকিউটররা গুদামে বিস্ফোরক সংরক্ষণের বৈধতা এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। ইউক্রেনের বিমানবাহিনীর দেওয়া তথ্যমতে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

কিয়েভের অন্যান্য এলাকাতেও এই হামলায় এক শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চল এবং ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনের পাল্টাহামলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language