মেহেরপুর

মেহেরপুরে পরীক্ষার অনিয়ম ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনতাই

মেহেরপুর, ২৯ আগস্ট – মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখার অনিয়ম ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শুক্রবার পরীক্ষার কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে লেখার সুযোগ করে দেওয়া হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে অনিয়মের সত্যতা পেয়ে মুঠোফোনে দৃশ্য ধারণ করার সময় কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুজন শিক্ষক তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালান। হামলার সময় সাংবাদিকদের মারধর করার পাশাপাশি তাদের দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।

পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হলেও কৌশলে তারা বের হয়ে আসতে সক্ষম হন। আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। তারা গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই হামলার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। স্থানীয় সাংবাদিকেরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং ছিনিয়ে নেওয়া সরঞ্জাম উদ্ধারসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language