এশিয়া

তিব্বতে কৃত্রিম হ্রদের বাঁধ ভাঙার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন

বেইজিং, ২৮ আগস্ট – নেপাল ও তিব্বত সীমান্তে সৃষ্ট বিশাল ভূমিধসের ফলে গঠিত একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তিব্বত অংশে চলমান উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, ভূমিধসে জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষের কারণে এই হ্রদটির সৃষ্টি হয়েছে।

বর্তমানে হ্রদের পানি উপচে পড়তে শুরু করায় উদ্ধারকারী দলগুলোর নিরাপত্তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার চীন ও নেপাল সীমান্তবর্তী গিরং এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টির কারণে হ্রদটির পানির উচ্চতা আগামী তিন দিন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বরের দিকে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

সিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, হ্রদের বাঁধ ভেঙে গেলে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে গিরং বন্দরসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। পরিস্থিতি বিবেচনায় সব উদ্ধারকারী দলকে নিজ নিজ অবস্থানে অপেক্ষা করতে বলা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে থাকা কর্মীদের অন্তত এক কিলোমিটার পিছিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে জরুরি প্রকৌশল দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিখোঁজদের সন্ধানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক মডেল তৈরি এবং তাপ শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, নেপাল ও তিব্বত সীমান্তের এই আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে তিব্বত অংশে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৫৫০ জন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language