কিরানা হিলসে হামলার ভারতীয় দাবি সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান

ইসলামাবাদ, ২৭ আগস্ট – কিরানা হিলসে কথিত হামলা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের কৌশলগত সম্পদগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এর নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি কিরানা হিলস নিয়ে ভারতীয় কর্মকর্তাদের দেওয়া বক্তব্য নাকচ করে দেন। এই কথিত ঘটনার ১৬ থেকে ১৮ মাস পর কেন এমন দাবি সামনে আনা হচ্ছে, সেই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।
আন্দ্রাবি ভারতীয় কর্মকর্তাদের এই ধরণের মন্তব্যকে বলিউড ধাঁচের বক্তব্য হিসেবে অভিহিত করেন। মুখপাত্র আন্দ্রাবি আরও উল্লেখ করেন যে পাকিস্তানের কৌশলগত সম্পদের সুরক্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
গত বছরের অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে কিরানা হিলস এলাকাকে কেন্দ্র করে নতুন করে এই বিতর্ক শুরু হয়। ওই এলাকায় কোনো হামলা হয়েছিল কি না, তা নিয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে পরস্পরবিরোধী দাবি করা হয়েছে।
এস এম/ ২৭ আগস্ট ২০২৬









