আইন-আদালত

জরুরি সেবা ৯৯৯-এর সেবায় বিলম্ব: ব্যর্থতার কারণ জানতে হাইকোর্টের রুল

ঢাকা, ২৫ আগস্ট – জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রমে দীর্ঘসূত্রতা এবং দ্রুততম সময়ে পুলিশি সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কল স্থানান্তর এবং কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের অক্ষমতার প্রেক্ষাপটে এই রুল দেওয়া হয়।

মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ৯৯৯ এর পরিচালক এবং তথ্য ও সম্প্রচার সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি জনস্বার্থে এই রিট আবেদনটি করেন এবং আদালতে নিজেই শুনানি করেন। শুনানিতে আইনজীবী বলেন যে কল রিডাইরেক্ট করা এবং জিপিএস ভিত্তিক লোকেশন শনাক্তকরণে ব্যর্থতার কারণে নাগরিকদের সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

এছাড়া জিরো এফআইআর ব্যবস্থা বাস্তবায়ন এবং নিকটতম পুলিশ দল মোতায়েনে ব্যর্থতার বিষয়টিও রুলে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে কেন এই ব্যর্থতাকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language