দক্ষিণ এশিয়া

২৩ বছর পর দক্ষিণ এশীয় গেমসের আয়োজক পাকিস্তান

ইসলামাবাদ, ২৪ আগস্ট – দীর্ঘ ২৩ বছর পর আবারও দক্ষিণ এশীয় গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ২০২৫ সালের ৩ থেকে ১১ এপ্রিল দেশটিতে এই আঞ্চলিক ক্রীড়া উৎসবটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিলের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দক্ষিণ এশীয় অলিম্পিক কমিটির প্রধান আরিফ সাঈদ। গেমস আয়োজনের প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আসরটি আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

এই সভায় বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করেন এবং ভারতের প্রতিনিধি ভার্চুয়ালি যুক্ত হন। প্রস্তাবিত তারিখগুলোতে সব দেশের প্রতিনিধিরাই ইতিবাচক সাড়া দিয়েছেন। সোমবার সাউথ এশিয়া অলিম্পিক কাউন্সিলের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ক্রীড়া ভেন্যুগুলো পরিদর্শন করবেন।

আসন্ন এই গেমসে ২৮টি খেলা ও ৩৪৬টি পদক ইভেন্ট থাকবে। আয়োজক তিনটি শহরে ৩ হাজার ২০০ এরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বিপুল সংখ্যক কারিগরি কর্মকর্তাসহ মোট ৪ হাজার বিদেশি অতিথির আতিথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সরকার।

ফেডারেল সরকার ইতোমধ্যেই এই আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও অনুমতি প্রদান করেছে। এর আগে ২০২১ সালে এই গেমস আয়োজনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা স্থগিত করা হয়েছিল।

ভারতের অংশগ্রহণের বিষয়ে সরকারি কর্মকর্তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও একটি সূত্র জানিয়েছে যে ভারতের যোগদান এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, ইসলামাবাদে দক্ষিণ এশীয় গেমস ছাড়াও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন এবং ওআইসি বৈঠকের মতো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে।

এস এম/ ২৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language