কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকা, ২২ আগস্ট – ভারতের কলকাতার ‘শিখা ইন’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে। শনিবার বিকেলে মরদেহগুলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কফিনবন্দি মরদেহগুলো বেনাপোলে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সী ছেলে শর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম হোসেন এবং ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবু।
এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জের এস এম আলিমুজ্জামানের মরদেহ একইদিন দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে পরিবারের সম্মতিতে রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে বলে জানা গেছে। মরদেহ হস্তান্তরের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, পোর্ট থানা এবং বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, গত মঙ্গলবার রাতে কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।
ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পাঁচটি মরদেহ তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। এতে শিশুসহ মোট নয়জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন এবং ঢাকা ও সাতক্ষীরার বাসিন্দারা রয়েছেন।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









