জাতীয়

রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা, ২১ আগস্ট – দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই বঙ্গভবন এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

বঙ্গভবনের অভ্যন্তরেও যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। নির্বাচনের পর ওই দিন রাতেই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। শপথ গ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনএন/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language