ঢাকার যানজট নিয়ন্ত্রণে এবার ড্রোনের মাধ্যমে নজরদারি করবে ডিএমপি

ঢাকা, ২১ আগস্ট – রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স বা ড্রোন নজরদারি চালু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে শুরুতে একটি ড্রোনের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকাগুলোর সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তীতে অটোমেটেড নম্বর প্লেট রিডার প্রযুক্তি ব্যবহার করে মামলার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, ড্রোন সার্ভিলেন্স পৃথিবীর অনেক দেশেই প্রচলিত থাকলেও বাংলাদেশের জন্য এটি একটি নতুন ধারণা। ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হঠাৎ তৈরি হওয়া যানজটের কারণ অনেক সময় নিচ থেকে বোঝা যায় না। ড্রোন ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিয়েল টাইম তথ্য পাওয়া সম্ভব হবে যা ট্রাফিক ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
তিনি আরও জানান, ড্রোনে ভয়েস সিস্টেম বা শব্দ করার প্রযুক্তি থাকবে। এর মাধ্যমে রাস্তা আটকে রাখা বা অনিয়ম করা যানবাহনকে সরাসরি সতর্কবার্তা দেওয়া যাবে। তবে ড্রোন থেকে সরাসরি মামলা করার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে ইন্টারনেট এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে।
এছাড়া ডিএমপির সদস্যদের ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তেজগাঁও বিভাগে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে উত্তরা বিভাগে তা শুরু হবে। আনিছুর রহমান ঢাকার বাস ব্যবস্থার ত্রুটি নিয়ে বলেন, বাসগুলো নির্দিষ্ট স্টপেজে না থেমে যত্রতত্র থামার কারণে সড়কে শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
মালিকপক্ষের সাথে চালকদের চুক্তিবদ্ধ পরিচালনার কারণেই এই অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। ই-টিকিটিং এবং বাস রুট রেশনালাইজেশন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এই ভোগান্তি নিরসন করা কঠিন। তবে পুলিশের পক্ষ থেকে শাহবাগসহ ১৫টি পয়েন্টে ইতিমধ্যে এআই সিগন্যাল চালু করা হয়েছে এবং প্রযুক্তির মাধ্যমে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এস এম/ ২১ আগস্ট ২০২৬









