মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ নীতির ধারাবাহিকতা : ইরান

তেহরান, ২০ আগস্ট – যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ব্যর্থ নীতির ধারাবাহিকতা হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্কবার্তা দিয়ে বলেছেন যে ওয়াশিংটনের এমন পদক্ষেপ হিতে বিপরীত হবে। এর ফলে যুক্তরাষ্ট্রকে আরও বড় পরাজয়ের মুখোমুখি হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক যুদ্ধ এবং দেশটিকে একঘরে করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান যে কোনো দেশ বা আর্থিক প্রতিষ্ঠান ইরানকে সহায়তা করলে তাদেরও কঠিন অর্থনৈতিক পরিণতির শিকার হতে হবে।

এর প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান যে মার্কিন প্রশাসনের এই হুমকি মূলত তাদের অভ্যন্তরীণ সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে জনগণের দৃষ্টি সরানোর কৌশল। তিনি এই পদক্ষেপে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে বলেন যে এটি বিশ্ব অর্থনীতি এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি।

চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পর এপ্রিলে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। তবে কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও তেল অবরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চাপের মুখে তারা নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না।

এস এম/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language