সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো মুহূর্তে ঘোষণা

ঢাকা, ১৬ আগস্ট – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা যেকোনো মুহূর্তে ঘোষণা করা হতে পারে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এই তথ্য জানান। তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন সরকারের একটি বড় অঙ্গীকার এবং বর্তমানে এটি চূড়ান্ত করার কাজ চলছে।
বাজার পরিস্থিতি ও উৎপাদন ব্যবস্থা নিয়ে মুখ্য সচিব বলেন যে, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তিনি জানান যে, গত ১৮ বছরের নানা প্রতিকূলতা কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করছেন।
সরকার বর্তমানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের মতো কিছু অগ্রাধিকার প্রকল্প নিয়ে কাজ করছে। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ও সুদ মওকুফ করা হয়েছে।
বর্তমান জ্বালানি সংকটকে বৈশ্বিক প্রভাব হিসেবে উল্লেখ করে তিনি জানান যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট এই সমস্যা কাটিয়ে উঠতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতির ব্যাংক খাতের লুটপাট ও অর্থ পাচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে তিনি বলেন যে, বিগত ১১ বছর পে-স্কেল না হওয়ায় কর্মচারীরা চাপের মধ্যে ছিলেন। তাই মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এই নতুন পে-স্কেল ঘোষণা করা হচ্ছে।
প্রশাসনের শীর্ষ দুই পদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত আসবে বলে ইঙ্গিত দেন।
এনএন/ ১৬ আগস্ট ২০২৬









