পুরান ঢাকার বংশালে হেলমেটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ১৬ আগস্ট – রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি হেলমেটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, এদিন সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ করছেন।
এনএন/ ১৬ আগস্ট ২০২৬









