গণভোট নিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন

মাদারীপুর, ১৬ আগস্ট – বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। রবিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্য বলেন, ইতিপূর্বে পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি জানান যে, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন গণভোটে জনগণের দেওয়া রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
আইন সংশোধনসহ এ বিষয়ে প্রয়োজনীয় সব দাপ্তরিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তা বাস্তবায়ন এখন কেবল সময়ের ব্যাপার। তিনি আরও বলেন, গণভোটের বিষয়টি পুঁজি করে জামায়াত যে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে তা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছিলেন, তার জবাবে সংসদ সদস্য খোকন এসব কথা বলেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত এবং কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









