নোয়াখালী

মেঘনা উত্তাল: হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী, ১৩ আগস্ট – বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ইকবাল ও বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে গত বুধবার থেকেই হাতিয়া রুটে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

এদিকে নৌ যোগাযোগ বন্ধ থাকায় হাতিয়ার নলচিরা ও চেয়ারম্যানঘাট এলাকায় কয়েকশ যাত্রী আটকা পড়েছেন। তারা গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু ব্যক্তি মালিকানাধীন ট্রলার জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে।

এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ইকবাল জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সতর্কতা সংকেত প্রত্যাহার করা হলে নৌ যোগাযোগ পুনরায় শুরু হবে। যাত্রীদের জানমালের নিরাপত্তায় প্রশাসন নজরদারি জোরদার করেছে।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language