জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র জমা

ঢাকা, ১৩ আগস্ট – আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে জোটের পক্ষ থেকে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলের সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরান।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছিল।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট ধার্য করা হয়েছে। চূড়ান্ত ভোটগ্রহণ প্রক্রিয়া ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language