কলকাতায় ড্রাইভিং অনুশীলন করতে গিয়ে পুকুরে গাড়ি, পানিতে ডুবে নারী চালকের করুণ মৃত্যু!

কলকাতা, ১৩ আগস্ট – কলকাতার কেষ্টপুরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে পুকুরে পড়ে সুমিত্রা দাস নামে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমিত্রা ঘটনার দিন সকালে তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন। এরপর তিনি গ্যারেজ থেকে গাড়িটি বের করে একা চালাতে শুরু করেন। গাড়িটি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হলেও তার ভেতর থেকে সুমিত্রা দাসের মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারীরা জানান, গাড়ির পেছনের দরজার দিকে সুমিত্রার মুখ এবং স্টিয়ারিংয়ের কাছে তার পা ছিল। পুলিশের অনুমান, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় তিনি আত্মরক্ষার্থে বের হওয়ার চেষ্টা করেছিলেন।
সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি নিয়মিত গাড়ি চালানোর অনুশীলন করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় সুমিত্রা অসাবধানতাবশত ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছিলেন। এতে গাড়ির গতি তীব্র হয়ে পুকুরে আছড়ে পড়ে।
বর্তমানে সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এনএন/ ১৩ আগস্ট ২০২৬









