জাতীয়

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় ১৯টি উন্নত কোচের রেক প্রস্তুত

ঢাকা, ১২ আগস্ট – বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) প্রথমবারের মতো এই বিশেষ রেকটি প্রস্তুত করেছে। বুধবার এই কোচের আনুষ্ঠানিক উদ্বোধন বা রোল আউট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের যাত্রী চাহিদা ও পরিচালনা ব্যবস্থার কথা মাথায় রেখে এসব কোচে বিশেষ কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ের এই রেকের মধ্যে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার।

যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য কোচে রয়েছে আধুনিক রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট। এছাড়া নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রী অ্যালার্ম সিস্টেম রাখা হয়েছে। বিশেষ সুবিধার অংশ হিসেবে এতে থাকছে শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের জন্য নির্ধারিত স্থান।

বাংলাদেশের যাত্রীচাপের কথা বিবেচনা করে কোচের ছাদে বিশেষ কারিগরি পরিবর্তন আনা হয়েছে। ব্যস্ত সময়ে বাড়তি চাপ সহ্য করার জন্য ছাদের কাঠামো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে। এছাড়া বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলায় ইউরোপীয় মানদণ্ডের ক্র্যাশওয়ার্দি ডিজাইন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা যাত্রী নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেবে।

কারিগরি দিক থেকে কোচের বৈদ্যুতিক ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ কোচে সাধারণত ৭৫০ ভোল্ট ব্যবহৃত হলেও বাংলাদেশের জন্য বিশেষভাবে ৪১৫ ভোল্ট অপারেশন ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে শুরু হওয়া সহযোগিতার ধারাবাহিকতায় ২০২৪ সালে আরসিএফ কাপুরথালাকে মোট ২০০টি ব্রডগেজ কোচ তৈরির দায়িত্ব দেয় বাংলাদেশ রেলওয়ে।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language