নোয়াখালী

নোয়াখালীতে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য, আটক ৭

নোয়াখালী, ১২ আগস্ট – নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এই ঘটনা ঘটে। এতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ জনকে আটক করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন পরিদর্শক মঞ্জুর আহমেদ, উপপরিদর্শক আরিফ মহিউদ্দিন, কনস্টেবল শাহাদাত হোসেন, আবু ইউসুফ এবং গাড়িচালক ইসহাক শেখ। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগের তদন্তে গিয়ে ফেরার সময় খবর পাওয়া যায় যে বিবাদীরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। পুনরায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার সময় অভিযুক্তরা পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল থেকে ছেমনা খাতু, বিয়াধনি, মনোয়ারা, আয়েশা, অজি উল্লা, আবু সুফিয়ান ও বোবা জাবের নামে সাতজনকে আটক করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএন/ ১২ আগস্ট ২০২৬


Back to top button