৪৫ বছর বয়সে কাঠমিস্ত্রি নাসিমুলের এসএসসি জয়

চাঁপাইনবাবগঞ্জ, ১১ আগস্ট – সংসার, সন্তান এবং পেশাগত শত ব্যস্ততার মাঝেও পড়াশোনার স্বপ্ন লালন করেছিলেন কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক। দীর্ঘ বিরতির পর ৪৫ বছর বয়সে এসে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬২ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি।
নাসিমুল হক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি একজন কাঠমিস্ত্রি। কাজের পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তার এই সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। মধ্যবয়সে এসে কর্মব্যস্ততার মধ্যেও এমন ফলাফল করায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের প্রশংসায় ভাসছেন তিনি। নাসিমুল জানান, ২০০২ সালে পারিবারিক কারণে পড়াশোনা ছেড়ে তাকে সংসারের হাল ধরতে হয়েছিল।
তবে পড়াশোনার অদম্য ইচ্ছা সবসময়ই তার মনে ছিল। সেই ভাবনা থেকেই পুনরায় ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। বর্তমানে তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং নিজের স্বপ্ন পূরণ করতেই তিনি এই সিদ্ধান্ত নেন। নাসিমুল হকের এই অর্জন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয়রা মনে করছেন, বয়স যে শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা নয়, তা তিনি প্রমাণ করেছেন। এসএসসি পাসের পর পড়াশোনা আরও চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লোকমান আলী।
এস এম/ ১১ আগস্ট ২০২৬









