জাতীয়

সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধের ডাক

ঢাকা, ৮ আগস্ট – ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত হবে। শনিবার এক বিবৃতিতে তিনি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার এবং আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বিশ্বজুড়ে প্রচারণা জোরদারের আহ্বান জানান।

মাওলানা আতাউর রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে ভারত প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্কের নীতি গ্রহণ করেছে যা দীর্ঘমেয়াদে তাদের জন্য ক্ষতির কারণ হবে।

বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ার পরিবর্তে একটি স্বৈরাচারী শক্তির পক্ষ নেওয়া ভারতের জন্য ভুল সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারে কোনো ছাড় দেওয়া যাবে না এবং বিচারের গতি মন্থর করা চলবে না।

দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় নির্মূল করতে হবে নতুবা শেখ হাসিনা অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ বারবার নিতে থাকবেন। সেই সুযোগ বন্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কাজে গতি এনে ফ্যাসিবাদের বিরুদ্ধে মজবুত ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন যে রাষ্ট্র সংস্কারই হলো ভবিষ্যতে যেকোনো স্বৈরশাসন প্রতিরোধের একমাত্র উপায়।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button