জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে আগামীর অনুপ্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

ঢাকা, ৫ আগস্ট – জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয় বরং নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাজধানীতে এই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেবো। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে এখান থেকেই তার ঠিকানা খুঁজে নিয়ে নতুন করে যাত্রা শুরু করবো।

অধ্যাপক ইউনূস জানান পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এই জাদুঘরের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। এখানে বহু বছরের পুরোনো ইতিহাস নয় বরং গণ-অভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই সেসবের স্মারক এবং দলিল সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন ঘটনা ঘটার পরপরই আমরা তাৎক্ষণিকভাবে প্রতিটি নমুনা ও ইতিহাস সংগ্রহ করে জাদুঘরে নিয়ে এসেছি যা ইতিহাস সংরক্ষণের এক নতুন অধ্যায়।

জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন অনেকে কোনো পরিকল্পনা ছাড়াই নিজের অনুভূতি লিখে গেছেন। পরিবারের বাধা উপেক্ষা করে কেন রাজপথে নেমেছেন সেটিও তারা চিঠিতে তুলে ধরেছেন। এসব দলিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ড. ইউনূস প্রত্যাশা ব্যক্ত করেন যে বাংলাদেশের প্রতিটি তরুণ যেন সেই চিঠির লেখকের মতো সাহসী হয় এবং তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে যে আমরা নতুন বাংলাদেশ গড়তে এসেছি।

তিনি দেশের প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের অন্তত একবার এই জাদুঘর পরিদর্শন করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন এই জাদুঘর ভবিষ্যতে সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্রে পরিণত হবে। জাদুঘরে নির্মিত প্রতীকী কবরগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন প্রতিটি কবরের সঙ্গে সংশ্লিষ্ট শহীদের পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষিত থাকবে যেন মানুষ জানতে পারে কেন তারা জীবন দিয়েছিলেন।

বক্তব্যের শেষে তিনি জাদুঘর নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সবাইকে পরিবারসহ এটি পরিদর্শনের অনুরোধ করেন।

এনএন/ ৫ আগস্ট ২০২৬


Back to top button