উত্তর আমেরিকা

ইরানের সঙ্গে চমৎকার আলোচনা চলছে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ আগস্ট – ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে অস্বীকার করা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের খুব ভালো আলোচনা চলছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা চমৎকার আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, ইরান প্রকাশ্যে এটি স্বীকার করতে চায় না, যা কিছুটা অস্বস্তিকর হলেও মূল লক্ষ্য হচ্ছে একটি চুক্তি সম্পন্ন করা। ট্রাম্প সতর্ক করে বলেন, তারা যদি চুক্তি না করে তবে সেটি তাদের জন্য খুব খারাপ হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি নিরসনে দুটি ভিন্ন পথে আলোচনা এগোচ্ছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান ও ওমানের মধ্যকার আলোচনা। দেশ দুটি হরমুজ প্রণালি ও ওমান সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি চুক্তির চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের ধারণা অনুযায়ী, বুধবারের মধ্যে এই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

এই চুক্তির সম্ভাবনার খবরেই মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। তেলের দাম কমার এই প্রবণতাকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাধারণ ভোক্তাদের জন্য একটি ইতিবাচক সংবাদ হিসেবে দেখা হচ্ছে।

কারণ জ্বালানি খরচ কমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। এখন মূল প্রশ্ন দাঁড়িয়েছে, ইরান ও ওমানের মধ্যকার এই চুক্তি সফল হলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা কত দ্রুত শুরু হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, হরমুজ প্রণালি বিষয়ক সংকটের সমাধান হলে যুদ্ধ অবসানের মতো বৃহত্তর ইস্যুগুলোর পথও সুগম হতে পারে।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button