ফুটবল

মাঠেই প্রতিপক্ষকে বল মেরে ফের বিতর্কে লিয়ান্দ্রো পারেদেস

বুয়েনস আইরেস, ৪ আগস্ট – বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে বিতর্কিত আচরণের রেশ কাটতে না কাটতেই ক্লাব ফুটবলেও নতুন বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে খেলতে নেমে ফাউলের বাঁশি বাজার পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লক্ষ্য করে জোরে বল ছুড়ে মেরে মাঠে উত্তেজনা ছড়িয়ে দেন তিনি।

গত রোববার লিওনেল মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের দ্বিতীয় অর্ধে বোকা জুনিয়র্সের ডি-বক্সের ঠিক বাইরে নিউওয়েলসের মিডফিল্ডার ফ্যাকুন্দো গুচ ফাউলের শিকার হন। রেফারি ফ্রি-কিকের নির্দেশ দিলেও পারেদেস বলটি কুড়িয়ে না নিয়ে সরাসরি মাটিতে লুটিয়ে থাকা গুচের পিঠ লক্ষ্য করে জোরে শট মারেন।

এই ঘটনায় মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখান। বিশ্বকাপ ফাইনালের পর থেকে পারেদেসের আচরণ নিয়ে ফুটবল বিশ্বে তীব্র সমালোচনা চলছে।

ফাইনালে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে আছাড় মারার মতো ঘটনায় তিনি খলনায়কে পরিণত হয়েছিলেন। ক্লাব ফুটবলে ফেরার পর মাত্র তিনটি ম্যাচ খেলেই তিনি দুটি হলুদ কার্ড দেখেছেন।

এদিকে মাঠের অখেলোয়াড়সুলভ আচরণের জন্য পারেদেস এবং তার সতীর্থ নাহুয়েল মলিনা ও সহকারী কোচ রবের্তো আয়ালার বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদ ও ম্যাচ চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগেও আলাদা তদন্ত চলছে।

এস এম/ ৪ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language