জাতীয়

রাজধানীজুড়ে স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ৪ আগস্ট – গত কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমের পর বৃষ্টির দেখা পেয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল থেকেই মহানগরের বিভিন্ন এলাকায় কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই বৃষ্টিতে রাজধানীবাসীর জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, বৃষ্টির এই ধারা দুপুর পর্যন্ত বজায় থাকতে পারে। এ সময়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি থেমে থেমে গুঁড়িগুঁড়ি বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে মঙ্গলবার সকালে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়ে গরমের তীব্রতা কিছুটা কমবে। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি।

আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আগের দিন সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।

এনএন/ ৪ আগস্ট ২০২৬


Back to top button