‘দেশে ফিরলেই সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে’: শেখ হাসিনাকে নাহিদ ইসলামের তীব্র হুঁশিয়ারি!

ঢাকা, ৩ আগস্ট – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিমানবন্দর থেকেই সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম মূল সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও রাজনৈতিক সমঝোতার আলোচনা নিয়েও তোপ দেগেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান।
‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক উক্ত আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন, তারেক রহমান যদি দিল্লির সঙ্গে সমঝোতা করে তাকে দেশে আসার ব্যবস্থা করেন, তাহলে আমরা প্রস্তুত আছি। বিমানবন্দর থেকে সরাসরি তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে।”
আন্দোলনের চেতনা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, “চৌদ্দশ শহীদ পরিবার, ৩০ হাজার আহত যোদ্ধা নেমে আসবে; ফাঁসি কার্যকর না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি, ফ্যাসিবাদের অবসান ও তার ব্যবস্থা বিলোপ করতেই রাজপথে নেমেছিলাম।”
জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দিনটি স্মরণ করে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মিনার থেকে এক দফা ঘোষণার পর দুই বছর পার হলেও দেশের রাজনৈতিক অঙ্গনে প্রকৃত অর্থে কোনো গুণগত পরিবর্তন আসেনি।
সরকার ও রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, পরিবর্তন কেবল একটাই হয়েছে—তারেক রহমান লন্ডন থেকে এসে দেশের দায়িত্ব নিয়েছেন। কিন্তু গত দুই বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার বিপক্ষেই অবস্থান নিয়েছে। একই সঙ্গে দেশকে পুনরায় কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি কিংবা চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় দলের শীর্ষ নেতৃত্ব ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির সদস্য সচিব মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এবং শহীদ জাবিরের মা রোকেয়া বেগম।
এনএন/ ৩ আগস্ট ২০২৬









