যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলি, হামলাকারীসহ নিহত একাধিক

ওয়াশিংটন, ২ আগস্ট – যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে।
টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় বন্দুকধারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। তিনি বলেন, বর্তমানে জননিরাপত্তার ওপর কোনো হুমকি নেই। ঘটনাস্থলে পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিশৃঙ্খল ছিল এবং নিহতদের পরিবারকে খবর দেওয়ার প্রক্রিয়া চলছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি রেস্তোরাঁর ড্রাইভ-থ্রু এলাকায় এআর স্টাইল রাইফেল হাতে এক ব্যক্তিকে দেখতে পান। এসময় অন্য এক সশস্ত্র ব্যক্তি বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালান। এক রেস্তোরাঁ কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে।
শহর কর্তৃপক্ষের মুখপাত্র জশ পালমার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে হামলাকারী একাই ছিল। তার পরিচয় এবং হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দলের দ্রুত ভূমিকার প্রশংসা করেন। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এনএন/ ২ আগস্ট ২০২৬









