প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিকৃত পোস্ট: মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

নয়া দিল্লি, ৩১ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস এবং একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ এই মামলাটি নথিভুক্ত করেছে।
ককরোচ জনতা পার্টি বা সিজিপি এর আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন বিতর্কিত ভিডিও ও ছবির ওপর ভিত্তি করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদের সাইবার অপরাধ দমন বিভাগ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে প্রধানমন্ত্রীকে অত্যন্ত অবমাননাকর ও অসৌজন্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই কন্টেন্টগুলো বিকৃত করা হয়েছে।
তেলঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌড় এবং স্থানীয় ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এই বিষয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সময় এমন উসকানিমূলক এবং মানহানিকর ছবি ও ভিডিও তাদের নজরে আসে যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিযোগকারীদের দাবি, এই ধরণের পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা কুরুচিকর মন্তব্য সমাজের স্বাভাবিক পরিবেশকে বিষাক্ত করে তুলতে পারে। এই অপপ্রচার জনমনে ঘৃণা তৈরি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রাখে। একই ধরণের পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের রাজধানী দিল্লিতেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পদযাত্রাকে কেন্দ্র করে অনলাইনে যেসব উসকানিমূলক মন্তব্য ও পোস্ট করা হয়েছিল সেগুলোর বিরুদ্ধে দিল্লি পুলিশ পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্য বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অনলাইন সংবাদ পোর্টালকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
এস এম/ ৩১ জুলাই ২০২৬









