উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট ফি ১ লাখ ডলার করার চিন্তা

ওয়াশিংটন, ৩১ জুলাই – যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করার অনুমতি পেতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের ওপর ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ফি আরোপ করার কথা বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত আইনি অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করার অংশ হিসেবেই এমন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। এই প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা গ্রহণের আকর্ষণ ব্যাপকভাবে কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফির ওপর নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক রাজস্ব সঙ্কটে পড়বে। পাশাপাশি বিদেশি মেধা নিয়োগের ওপর নির্ভরশীল দেশটির প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে।

প্রস্তাবিত এই বিশাল অঙ্কের ফি মূলত অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি স্কিমের সাথে যুক্ত করা হতে পারে। এই ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক গ্র্যাজুয়েটরা ডিগ্রি সম্পন্ন করার পর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।

২০২৪ সালের হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি শিক্ষার্থী ওপিটির অধীনে দেশটিতে কর্মরত রয়েছেন। এই ওয়ার্ক পারমিটের মাধ্যমেই পরবর্তীতে এইচ ওয়ানবি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ হয়। সম্প্রতি বোস্টনের একটি আপিল আদালত এইচ ওয়ানবি ভিসা আবেদনকারীদের ওপর ১ লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন।

আদালতের সেই নির্দেশের পরই ওপিটি সংক্রান্ত নতুন এই পরিকল্পনার বিষয়টি সামনে এলো। এটি কার্যকর হলে মার্কিন বৈধ অভিবাসন ব্যবস্থায় সুদূরপ্রসারী পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button