মধ্যপ্রাচ্য

পিএমএফের ওপর হামলার অনুমতি দেওয়ার খবর নাকচ করল ইরাক

বাগদাদ, ৩১ জুলাই – ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর ওপর সাম্প্রতিক সামরিক হামলার অনুমতি দেওয়ার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে দেশটির সরকার। একই সঙ্গে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আলী আল জাইদির পূর্বপরিকল্পিত সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে।

সরকারের মুখপাত্র হায়দার আল আবৌদি জানান যে ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে চালানো এই হামলার বিষয়ে বাগদাদকে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। দেশের ভেতরে নির্দিষ্ট কোনো অবস্থান বা গোষ্ঠীকে লক্ষ্য করে সামরিক অভিযানের কোনো ধরনের অনুমোদন দেয়নি ইরাক সরকার।

রিয়াদের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আল আবৌদি। তিনি উল্লেখ করেন যে সৌদি আরবের তোলা অভিযোগের স্বপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সঠিক তথ্য যাচাইয়ের স্বার্থে সংশ্লিষ্ট সকল নিরাপত্তা সংক্রান্ত তথ্য ইরাকের কাছে হস্তান্তর করতে সৌদির প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ইরাকে পিএমএফ সদর দপ্তরে চালানো হামলা বাগদাদের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমেই করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সেই বক্তব্যের প্রেক্ষাপটেই ইরাক সরকারের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button