দক্ষিণ আমেরিকা

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

বুয়েনস আইরেস, ৩০ জুলাই – আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের ইউটিলিটি হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হারায় এবং পরে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া পরিস্থিতি অনুকূল ছিল বলে জানানো হয়েছে।

হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছিলেন। তারা জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার আয়োজনে বন দাবানল মোকাবিলা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় ৫০ জন সদস্যের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

সান হুয়ান কর্তৃপক্ষ নিহতদের মধ্যে চারজন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন পুলিশের উপপ্রধান মার্সেলো ভিদেলা, ফায়ার সার্ভিস প্রধান রুবেন কাস্ত্রো, সিভিল প্রোটেকশনের পরিচালক কার্লোস হেরেদিয়া এবং উপ ফায়ার প্রধান হোর্হে কারবাহাল। নিহতদের মধ্যে বাকি তিনজন ছিলেন ক্রু সদস্য।

দুর্ঘটনার পর একটি স্থানীয় খনি কোম্পানির হেলিকপ্টারের সহায়তায় ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। তবে দুর্ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীদের প্রায় সাত মাইল পাহাড়ি পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button