জাতীয়

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫: আজ আন্তর্জাতিক বাঘ দিবস

ঢাকা, ২৯ জুলাই – বাঘের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং বাঘ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ ২৯ জুলাই পালিত হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস। এই দিবসটি উপলক্ষে ঢাকা এবং সুন্দরবন সংলগ্ন বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টি। এর আগে ২০১৫ সালের শুমারিতে বাঘের সংখ্যা ছিল ১০৬টি এবং ২০১৮ সালে ছিল ১১৪টি। জরিপে ২১টি বাঘশাবকের ছবিও পাওয়া গেছে যা সুন্দরবনের বাঘের বংশবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দেয়।

তবে চোরাশিকারিদের দৌরাত্ম্য, খাদ্যসংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাঘের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। গত দুই দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াই আরও কঠিন হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় গত ২৪ বছরে সুন্দরবনে মোট ৯১টি বাঘের মৃত্যু হয়েছে।

এর মধ্যে পাচারকারী ও বনদস্যুদের হাতে মারা গেছে মোট ৪৪টি বাঘ এবং লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামবাসীর পিটুনিতে মৃত্যু হয়েছে ১৪টির। তবে ২০২৪ সালের পর সুন্দরবনে আর কোনো বাঘের মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাঘ সংরক্ষণে ১৯৭৩ সালে বাঘ শিকার আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং পরবর্তীতে ২০১২ সালে শাস্তির বিধান আরও কঠোর করা হয়।

বাঘের নিরাপত্তা নিশ্চিতে সুন্দরবনে এখন ড্রোন ও আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট পেট্রলিং ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বাঘের সুপেয় পানির জন্য পুকুর খনন এবং বন্যপ্রাণীদের আশ্রয়ের জন্য মাটির উঁচু টিলা বা কেল্লা তৈরি করা হয়েছে। বাঘের প্রজনন মৌসুমে তিন মাস সুন্দরবনে পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ রেখে বাঘের আবাসস্থল নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছে।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button