মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ ইরানের বার্তা সংস্থার

তেহরান, ২৮ জুলাই – যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
সোমবার প্রকাশিত ফারসি ভাষার এই ভিডিওতে ফার্স্ট লেডিকে বিষ প্রয়োগে হত্যার জন্য তার ব্যক্তিগত স্টাইলিস্টদের ঘুষ দেওয়া এবং নির্দিষ্ট কিছু বিপণিবিতানে হামলার প্ররোচনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিডিওর শেষে ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকেও ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দেওয়া হয়।
টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, ম্যানহাটনের মিডটাউনের বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরের নাম উল্লেখ করা হয়েছে যেখানে মেলানিয়া ট্রাম্প কেনাকাটা করতে যান। সেখানে নিরাপত্তার স্বার্থে নেওয়া আগাম পদক্ষেপের তথ্য তুলে ধরে তথাকথিত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি ফার্স্ট লেডিকে হত্যার জন্য রাসায়নিক নার্ভ এজেন্ট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
ভিডিওটিতে মেলানিয়ার তিনজন ব্যক্তিগত স্টাইলিস্টের নাম উল্লেখ করে বলা হয়, তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে পোশাকে বিষ প্রয়োগের ব্যবস্থা করা যেতে পারে। ভিডিওর শেষ অংশে বলা হয়, এটি কেবল শুরু এবং ব্যারন ট্রাম্পের জন্য সতর্কবার্তা দেওয়া হয়। ব্যারন বর্তমানে ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন।
তাসনিম নিউজ এজেন্সিকে বিশ্বজুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। এই সংবাদমাধ্যমটির মালিকানা আইআরজিসির একজন সাবেক কমান্ডারের প্রতিষ্ঠিত সংস্থার নামে নিবন্ধিত। শিয়া ধর্মভিত্তিক এই বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ২০২৩ সালে মার্কিন সরকার এই সংবাদ সংস্থাটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ইতিপূর্বেও ইরান বেশ কয়েকবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ইরানি পরিকল্পনার কথা উঠে আসে। কয়েক সপ্তাহ আগে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে ইরানের এই মারমুখী অবস্থানের কথা স্বীকার করেছিলেন।
তিনি জানান যে ইরানিরা তাকে এক নম্বর শত্রু হিসেবে গণ্য করে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আইআরজিসি ট্রাম্পকে হত্যার গভীর ষড়যন্ত্র করেছিল বলে মার্কিন বিচার বিভাগও তদন্তে প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তাসনিম নিউজের এই বিতর্কিত ভিডিও নতুন করে উদ্বেগের সৃষ্টি করল।
এস এম/ ২৮ জুলাই ২০২৬









