মেট্রোরেল ও অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা জোরদারের আশ্বাস

ঢাকা, ২৮ জুলাই – বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে।
এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য উনো ইয়োশিমাসাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সরকার বর্তমানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
একটি সমন্বিত, নিরাপদ এবং জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের মতো উন্নত দেশের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি ক্রমাগত বৃদ্ধি পাবে।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই গণপরিবহন অবকাঠামো গড়ে তোলা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকরভাবে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল এবং রেল যোগাযোগসহ বিভিন্ন খাতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন।
এই সৌজন্য সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম উপস্থিত ছিলেন।
এস এম/ ২৮ জুলাই ২০২৬









