জাতীয়

বেরোবি সাবেক উপাচার্য কলিমউল্লাহর বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

ঢাকা, ২৭ জুলাই – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন এই তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ১৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পারস্পরিক যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত নকশা পরিবর্তন করেছেন।

মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছাড়াই তারা ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন করেন। অভিযোগে আরও বলা হয়, ঠিকাদারের জামানতের অর্থ ব্যাংকে রাখার পর সেই টাকা ঠিকাদারকে ঋণ হিসেবে দেওয়ার জন্য অনাপত্তি সনদ প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া অগ্রিম অর্থ প্রদানের কোনো আইনি বিধান না থাকা সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে অগ্রিম বিল দেওয়া এবং ড্রইং বা ডিজাইন পরিবর্তন করে সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button