রাশিয়ার মাউন্ট এলব্রুসে ৫ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার

মস্কো, ২৭ জুলাই – রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস থেকে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা সবাই বসনিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার রুশ কর্তৃপক্ষ এবং স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
তদন্তকারী ও স্থানীয় প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে,
গত ২৪ জুলাই সাত সদস্যের একটি পর্বতারোহী দল মাউন্ট এলব্রুস আরোহণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে যাত্রার পরদিন অর্থাৎ ২৫ জুলাই সন্ধ্যায় হঠাৎ আবহাওয়ার ব্যাপক অবনতি ঘটে। এতে পর্বতারোহীদের দলটি তাদের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দলের একজন সদস্য কোনোভাবে নিচে নেমে আসতে সক্ষম হন। তিনি জানান যে ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় থাকাকালীন ঠান্ডায় ও অসুস্থতায় দলের দুইজন সদস্য মারা গেছেন। এই খবরের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু হলে পরে আরও তিনজনের মরদেহ খুঁজে পাওয়া যায়।
উদ্ধারকারীরা জানান, সাত সদস্যের ওই দলের মধ্যে দুইজন জীবিত রয়েছেন এবং পাঁচজন প্রাণ হারিয়েছেন। বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে বড় ধরনের ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে রুশ উদ্ধারকারী দল।
এস এম/ ২৭ জুলাই ২০২৬









