বলিউড

নিট আন্দোলন: শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে মুগ্ধতা প্রকাশ করলেন কিরণ রাও

মুম্বাই, ২৬ জুলাই – ভারতের নিট পরীক্ষার বিতর্কিত প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণ প্রজন্মের এই বিশাল জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা কিরণ রাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি এই আন্দোলনকে ঐতিহাসিক এক অর্জন হিসেবে বর্ণনা করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিরণ রাও বলেন, জেন জি প্রজন্ম সত্যিই অসাধ্য সাধন করেছে। এক সময় যা অসম্ভব বলে মনে করা হচ্ছিল আজ তা বাস্তবে রূপ নিয়েছে। তাদের রসবোধ, আত্মবিশ্বাস এবং প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন এই প্রযোজক।

তিনি মনে করেন এই আন্দোলনের ধরন ছিল ভিন্নমাত্রার যা সাধারণ মানুষের মধ্যে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলেছে।

নিজের বার্তায় ভারতীয় সংবিধানের একটি ছবি শেয়ার করে কিরণ আরও উল্লেখ করেন যে এই লড়াইয়ে শিক্ষার্থীদের পাশে থাকা ককরোচ জনতা পার্টির ভূমিকাও ছিল প্রশংসনীয়। তরুণদের এই ঐক্য ও সাহসিকতাকে পাথেয় করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগেও লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনসহ বিভিন্ন ন্যায়সঙ্গত দাবিতে সরব হতে দেখা গেছে কিরণ রাওকে। জেন জি প্রজন্মের এই আন্দোলন ভারতের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতে নতুন এক অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button