দক্ষিণ এশিয়া

দায়িত্ব নিয়েই শিক্ষা সংস্কারের অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

নয়া দিল্লি, ২৬ জুলাই – ভারতের ছাত্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। উদ্ভূত এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ জোশীকে। দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দায়িত্ব পাওয়ার পর প্রহ্লাদ জোশী তার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে, তিনি বিনয় ও কর্তব্যবোধের সঙ্গে এই নতুন দায়িত্ব গ্রহণ করছেন এবং প্রধানমন্ত্রীর আস্থার প্রতি সম্মান জানিয়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করবেন।

গত ১২ বছরে মোদি সরকারের অর্জিত বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে জোশী তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের প্রশংসা করেন। বিশেষ করে জাতীয় শিক্ষানীতি বা এনইপি বাস্তবায়নে ধর্মেন্দ্র প্রধানের অবদানের কথা তিনি গুরুত্বের সঙ্গে স্মরণ করেন।

জোশী বলেন যে, গত কয়েক বছরে শিক্ষা খাতে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন এসেছে যা ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করবে। এর আগে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে প্রধানমন্ত্রী মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা গ্রহণ করেন।

এরপরই প্রহ্লাদ জোশীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি নিজ দপ্তরের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তদারকি করবেন।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language