জাতীয়

বঙ্গভবনে অফিস ও স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ২৬ জুলাই – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তবে তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন। শনিবার গণমাধ্যমের সাথে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।

সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর আশপাশে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গত শুক্রবার বিকেল থেকেই জোরদার করা হয়েছে।

উল্লেখ্য যে শারীরিক অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে রোববার সকাল সাড়ে এগারো টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর দুপুর সাড়ে বারোটায় তিনি শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এসব কর্মসূচি ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button