রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জনের মধ্যেই দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকা, ২৪ জুলাই – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর নিয়ে দেশে নানা আলোচনার মধ্যেই নিজের নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। স্পিকার বলেন যে তিনি ব্যক্তিগত চিকিৎসার কাজে দেশের বাইরে ছিলেন। তাই দেশের রাজনৈতিক পরিস্থিতির বিস্তারিত খবর তার জানা নেই। এখন তিনি সব বিষয়ে খোঁজখবর নেবেন।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে চিকিৎসা দ্রুত শেষ হওয়ায় তিনি আগেই ফিরে এসেছেন বলে জানান।
এস এম/ ২৪ জুলাই ২০২৬









