বান্দরবান

বান্দরবানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ১২

বান্দরবান, ২২ জুলাই – বান্দরবান-কেরানিহাট সড়কের কসাইপাড়া এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার সকালে ঘটা এই দুর্ঘটনায় বাসটির ১২ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

চট্টগ্রাম থেকে ৩৪ জন পর্যটকের একটি দল রিল্যাক্স পরিবহনের একটি বাসে চড়ে বান্দরবানের দিকে আসছিলেন। যাত্রাপথে কসাইপাড়া নামক স্থানে পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশের একটি পাহাড়ে সজোরে ধাক্কা খায়।

এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারীরা দুর্ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে যায়।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button