ফিলিস্তিন ও গাজার পুনর্গঠনে অস্ট্রেলিয়ার ২ কোটি ৫০ লাখ ডলার সহায়তা

ক্যানবেরা, ২২ জুলাই – ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে ২ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার বা ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এসিএফআইডি। ত্রাণ সংস্থাগুলোর এই জোট এক বিবৃতিতে জানিয়েছে যে ফিলিস্তিনের পুনরুদ্ধার, সংস্কার এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অস্ট্রেলীয় সরকারের এই অতিরিক্ত সহায়তার ঘোষণা অত্যন্ত সময়োপযোগী।
এই তহবিলের একটি বড় অংশ গাজায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কাজে ব্যয় করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে এমন এক সময়ে এই আর্থিক অঙ্গীকার করা হয়েছে যখন গাজায় মানবিক চাহিদা চরমে পৌঁছেছে। সেখানকার সাধারণ মানুষ বর্তমানে ভয়াবহ দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে।
এস এম/ ২২ জুলাই ২০২৬









