জাতীয়

সড়ক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ ও জবাবদিহিতার আহ্বান সেতুমন্ত্রীর

ঢাকা, ২২ জুলাই – বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা কমিয়ে আনতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সমন্বিত বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে সড়ক নিরাপত্তাবিষয়ক এক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নের নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে এই অধিবেশনে যৌথ সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

মন্ত্রী তার বক্তব্যে বলেন যে, কেবল শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই পর্যাপ্ত নয়, বরং সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় থাকা আবশ্যক।

এছাড়া সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন। শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন যে, সড়ক নিরাপত্তার উন্নয়নে স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তবে এই ধরনের উদ্যোগগুলোকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব এবং একটি জবাবদিহিতাভিত্তিক কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে। জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

প্রতিনিধি দলে আরও রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

এস এম/ ২২ জুলাই ২০২৬


Back to top button