নিট পরীক্ষায় অনিয়ম: দিল্লিতে সিজেপির লং মার্চ ঘিরে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ

নয়াদিল্লি, ২০ জুলাই – ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট এ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় দলটি।
এদিন সকালে দিল্লির যন্তর মন্তরে কয়েক হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী জমায়েত হন। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিশৃঙ্খলা এড়াতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।
অন্যদিকে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয় যে তারা কেবল শান্তি ও অহিংসার মাধ্যমেই জয়ী হতে পারবেন।
এর আগে রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।
দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায় যে নির্ধারিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় কর্তৃপক্ষ।
এনএন/ ২০ জুলাই ২০২৬









