মানিকগঞ্জ

মানিকগঞ্জে বৃষ্টিতে মরিচ চাষে ব্যাপক ক্ষতি: বাজারে মিলছে না স্বস্তি

মানিকগঞ্জ, ২০ জুলাই – মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের খেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় স্থানীয় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মো. রুহুল আমীন বাবু নামে এক শিক্ষক জানান, বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়লেও কাঁচা মরিচের দাম সবচেয়ে অস্বাভাবিক হারে বেড়েছে। দুই দিন আগেও যে মরিচ ১০০ টাকা ছিল, তা এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে বাজারে কোনো কার্যকর মনিটরিং নেই বলেও অভিযোগ করেন তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলার হেলাচিয়া এলাকার কৃষক রহিজ উদ্দিন জানান, দুই বিঘা জমিতে মরিচ আবাদ করে ফলন ভালো হলেও বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। এর আগে পেঁয়াজ চাষেও তিনি লোকসান গুনেছেন।

কৃষি অধিদপ্তরের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, দুর্যোগে কৃষকদের পাশে কেউ না দাঁড়ালে অনেকে মরিচ চাষ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ জানান, জেলায় ১০ হেক্টর জমির মধ্যে প্রায় ১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং কিছু জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ফোন না ধরার অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

এস এম/ ২০ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language